চট্টগ্রামের শতাধিক গ্রামে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর
Published: Thursday, 19 March 2026

চট্টগ্রামের শতাধিক গ্রামে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর
চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগামীকাল (২০ মার্চ) শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এ উপলক্ষে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলার শতাধিক গ্রামে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
যেসব এলাকায় ঈদ উদযাপিত হবে
মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারি, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলায় ছড়িয়ে রয়েছেন। এছাড়া ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশাল ও দেশের অন্যান্য অঞ্চলের বহু গ্রামে একই দিনে ঈদ উদযাপন করা হবে। পার্বত্য জেলা বান্দরবান এবং কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও দরবারের অনুসারীরা আগামীকাল ঈদ পালন করবেন।
সিদ্ধান্তের প্রেক্ষাপট
দরবারের মোহাম্মদ মছউদুর রহমান জানান, হানাফী মাযহাবের অনুসারী হিসেবে তাঁরা নিকটবর্তী সময়ের ব্যবধান ও পূর্ববর্তী দেশসমূহে চন্দ্রদর্শনের তথ্য বিবেচনা করেন। এছাড়া বৈজ্ঞানিকভাবে দ্রাঘিমাংশ ও অক্ষাংশ অনুযায়ী চাঁদের অবস্থান এবং মক্কা-মদীনাসহ আরব বিশ্বে চাঁদ দেখার সংবাদ বিশ্লেষণ করে আগামীকাল ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘকাল ধরে তাঁদের পূর্বসূরি হজরত শাহ জাহাঙ্গীর শেখুল আরেফীন (কঃ), ফখরুল আরেফীন (কঃ), শামসুল আরেফীন (কঃ) ও তাজুল আরেফীন (কঃ)-এর ধারাবাহিকতা বজায় রেখে একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন।
